শিক্ষার্থীদের দাবির মুখে পদ ছাড়লেন যবিপ্রবির উপাচার্য
একদিন আগে সংবাদ সম্মেলন করে উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
বুধবার বিকালে ই-মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
পদত্যাগপত্রে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা পরিস্থিতি বিরাজ করছে বলে উল্লেখ করেছেন তিনি। এ ছাড়া তিনি পদত্যাগপত্রে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে নিজের অপরাগতা প্রকাশ করেছেন।
এর আগে মঙ্গলবার বিকালে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বুধবারের মধ্যে উপাচার্যকে পদত্যাগ করার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
পদত্যাগের পর আনোয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীরা ক্যাম্পাসে যে আন্দোলন করল, সে সম্পর্কে আমার কিছু বলার নেই। তাদেরকে বলতে চাই, তারা ক্লাসরুমে ফিরে যাক। তারা জীবন গড়ুক। কারণ যেভাবে তারা আন্দোলন করছে, সেটা তো তাদের কাজ না।
“ট্রেজার, শিক্ষক কিংবা ভিসির বাসায় গিয়ে জোরপূর্বক পদত্যাগের দাবিতে মিছিল স্লোগান দেওয়া তাদের কাজ না। এই শিক্ষার্থীরা এতো বড় ‘গণঅভ্যুত্থান’ ঘটাল আর সেই শিক্ষার্থীরা যা করছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।”
দুর্নীতি নিয়ে শিক্ষার্থীদের তোলা অভিযোগকে মিথ্যা দাবি করে আনোয়ার হোসেন বলেন, “যদি কোনো দুর্নীতি করি, তাহলে তদন্ত করে ব্যবস্থা নিবে সরকার।”
অধ্যাপক আনোয়ার হোসেন ২০১৭ সালের ২০ মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উপাচার্য হিসেবে যোগদান করেন। ২০২১ সালের ১৯ মে প্রথম দফার মেয়াদ শেষে একই বছরের ১ জুন দ্বিতীয় মেয়াদে উপাচার্যের দায়িত্ব পান তিনি।
এর আগে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ছাড়া পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ইকবাল কবির জাহিদ এবং উপাচার্যের একান্ত সচিব মো. আব্দুর রশিদ।
আর মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আনিছুর রহমান, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট মো. তানভীর ইসলামসহ হলটির সহকারী প্রভোস্টরা।
