৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নাদিম হত্যা: জামিনে মুক্তি পেয়েছেন সাবেক চেয়ারম্যান বাবু

জেলার বলেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়া বাবু বিকাল ৫টায় মুক্তি পেয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2024, 07:21 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জামিনে মুক্তি পেয়েছেন।

জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ বুধবার সাংবাদিকদের বলেন, “উচ্চ আদালত থেকে জামিন পাওয়া বাবু বিকাল ৫টায় মুক্তি পেয়েছেন। তিনি একটি মাইক্রোবাসে উঠে স্বজনদের সঙ্গে চলে যান।” 

নাদিম হত্যা মামলার বাদীর আইনজীবী মো. ইউসুফ আলীও বাবুর মুক্তির বিষয়টি জানিয়েছেন।

মামলায় বলা হয়েছে, সংবাদ প্রকাশের জেরে ২০২৩ সালের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মাহমুদুল আলম বাবুকে ২০২৩ সালের ১৭ জুন পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।