২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ‘ঘরে মুরগি ঢোকা’ নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

একদিন আগের ঘটনায় আহত আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2024, 09:18 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ‘ঘরে মুরগি ঢোকা’ নিয়ে প্রতিবেশীর হামলায় আহত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান বলে জানান জাজিরা থানার ওসি আল-আমিন।

এর আগে শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম আড়াচণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নজরুল মাদবর (৪৫) ওই এলাকার লতিফ মাদবরের ছেলে। আহতরা হলেন- নজরুলের বাবা লতিফ মাদবর ও ভাই ছোট সুমন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে নজরুলের বাড়ির মুরগির বাচ্চা প্রতিবেশী বোরহান মাদবরের ঘরে গেলে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে নজরুল ও তার বাবা লতিফ মাদবর এবং ভাই সুমন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নজরুল ও সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল মারা যান।

নজরুলের স্ত্রী কল্পনা আক্তার বলেন, “আমাদের বাচ্চা মুরগি বোরহান মাদবরের বাড়িতে গেলে তিনি আমার স্বামীকে ডেকে নিয়ে গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তারা আমার স্বামীর ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়।

“তাকে বাঁচাতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ওরা আমার স্বামীকে খুন করেছে, আমি তাদের ফাঁসি চাই।”

নজরুলের ভাই জসিম মাদবর বলেন, “কাজের যাওয়ার সময় শুনতে পাই, বোরহানের সঙ্গে ভাইয়ের বাকবিতণ্ডা হচ্ছে। এক পর্যায়ে জমি নিয়ে বিরোধের ঘটনায় আমাদের প্রতিপক্ষরা বোরহানের সঙ্গে মিলে ভাইয়ের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে ছোট ভাই ও বাবা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়।”

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি আল-আমিন।