২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল গৃহবধূর, আহত ৪

আটপাড়ার গণিপুর গ্রামের বাবুল মিয়ার সঙ্গে জমি নিয়ে তার মামা একই গ্রামের লাল মিয়ার বিরোধ চলছিল।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 03:49 PM

Updated : 26 Aug 2026, 12:18 PM

নেত্রকোণার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।

বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের গণিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে গৃহবধূ মারা যান বলে জানিয়েছেন আটপাড়া থানার ওসি মো. আশরাফুজ্জামান।

নিহত নূরজাহান বেগম (৪৫) ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। তবে আহতদের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

স্থানীয়দের বরাতে ওসি আশরাফুজ্জামান জানান, গণিপুর গ্রামের বাবুল মিয়ার সঙ্গে জমি নিয়ে তার মামা একই গ্রামের লাল মিয়ার বিরোধ চলছিল। এর জেরে ভোরে লাল মিয়া ও তার লোকজন বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায়।

“হামলায় নুরজাহান বেগমসহ পাঁচ জন আহত হন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নূরজাহান বেগম মারা যান।” 

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি।