ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
এ সময় আওয়ামী লীগ নেতার সঙ্গে তার স্ত্রী ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভারতে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ নেতা জি এম সাহাবউদ্দিন আজমকে গ্রেপ্তার করা হয় বলে বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সী জানান।
তিনি বলেন, এ সময় আওয়ামী লীগ নেতার সঙ্গে তার স্ত্রী ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সাহাবউদ্দিন আজম গোপালগঞ্জ জেলার সদর থানার বীণাপানি গার্লস স্কুল রোডের মৃত মইনদ্দিনের ছেলে। তার পাসপোর্ট নম্বর-বি-০০০৭৩৯৪৮।
তার বিরুদ্ধে সেনা সদস্যদের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সী বলেন, “আমাদের কাছে আগে থেকেই খবর ছিল সাহাবউদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়।
“তিনি বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার ‘স্টপ লিস্ট’ থাকায় সন্দেহ বেড়ে যায়। তখন তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার করা হয়।”
বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, “ইমিগ্রেশন পুলিশ আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। যেহেতু গোপালগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে, তাই সেই থানায় তাকে হস্তান্তর করা হবে।”
