২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন: হাতিয়ায় বিএনপির দুপক্ষে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ওছখালী জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি আজমল হুদা জানান।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 09:34 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত এবং মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের ওছখালী জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান।   

স্থানীয়রা জানান, এ সময় হাতবোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। 

নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমও প্রার্থী ছিলেন। তবে তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন। 

স্থানীয়রা বলেন, বিকাল থেকে ওছখালী জিরো পয়েন্টের একপাশে ফজলুল আজিমের কর্মী-সমর্থকরা মশাল মিছিল বের করার উদ্দেশে জড়ো হন। একই সময় জিরো পয়েন্টের অপরপ্রান্তে মাহবুবের রহমান শামীমের কর্মী-সমর্থকরাও জড়ো হন। 

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

পরে ফজলুল আজমের লোকজন মাহবুবের রহমান শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে উপজেলা সদরে মশাল মিছিল বের করেন। 

মাহবুবের রহমান শামীমের নির্বাচনি পরিচালনার দায়িত্বে থাকা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, “দুপুরের পর থেকে আমরা ধানের শীষের পক্ষে প্রচার ও গণসংযোগ শেষে সন্ধ্যায় ওছখালি জিরো পয়েন্টে আসলে প্রকৌশলী ফজলুল আজিমের লোকজন উসকানিমূলক স্লোগান দিয়ে হামলা চালায়। হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।” 

এ ব্যাপারে ফজলুল আজিমের সমর্থক পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম বলেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর শামীমের লোকজন হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চাই।”

হাতিয়া থানার ওসি আজমল হুদা বলেন, “দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”