দিল্লিতে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ও দাফন হয়েছে: সালাহউদ্দিন
“শেখ হাসিনা মাঝে মধ্যে কাফন পরে বক্তব্য দিয়ে দেশকে অস্থির করতে চান। হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। তিনি নিজেই এই মৃত্যুর জন্য দায়ী”, বলেন তিনি।
দিল্লিতে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ও দাফন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, “শেখ হাসিনা মাঝে মধ্যে কাফন পরে বক্তব্য দিয়ে দেশকে অস্থির করতে চান। হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। তিনি নিজেই এই মৃত্যুর জন্য দায়ী। আর দিল্লিতে গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ও দাফন হয়েছে।”
সোমবার বিকালে কক্সবাজার শহরের গোলচত্বর মাঠে জেলা বিএনপি আয়োজনে সমাবেশে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে পাকিস্তানের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যু বরণ করেছিল। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল এবং মুসলিম লীগ ও পশ্চিম পাকিস্তানের খোদা হাফেজ হয়ে গেছে।
“আর আজকে আওয়ামী লীগের ইতিহাস, নিজেরাই নিজেদেরকে দাফন করে ফেলার ইতিহাস। ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিক কবর রচনা করে গেছেন।
“সেইসঙ্গে বহুদলীয় গণতন্ত্রের কবর রচনা করে গেছেন স্বৈরশাসক একনায়ক শেখ মুজিব। আর তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন ২০২৪ সালের ৫ অগাস্ট।”
জিয়াউর রহমানকে বাংলাদেশের রাজনীতিতে কিংবদন্তী উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির ইতিহাস বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস। সেইসঙ্গে স্বৈরশাসক এরশাদকে হটিয়ে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে আপোষহীন নেত্রী হয়ে উঠা খালেদা জিয়ার ইতিহাস। ফ্যাসিবাদী হাসিনাকে বিতাড়িত করার ইতিহাস।”
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে সালাহউদ্দিন বলেন, “যদি আপনার নিয়ত পরিষ্কার থাকে তাহলে শীঘ্রই জাতির সামনে বক্তব্য দিয়ে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করুন। তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসুন।”
দেশের আইনশৃঙ্খলার দিকে সরকারের উপদেষ্টাদের নজর দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
কক্সবাজার জেলা বিএপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, চট্টগ্রাম বিভাগীয় নেতা হারুন-অর রশিদ, ব্যারিস্টার মীর হেলাল এবং সাবেক সংসদ সদস্য আলমগীর ফরিদ বক্তব্য দেন।
