Published : 21 Jul 2026, 06:13 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. জাহিদ হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আকিব, মো. মাহমুদুল আমিন সিয়াম, মো. মোস্তাফিজুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাতুল।
আদেশে বলা হয়, সোমবার রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৫-২৬) কয়েকজন নবীন শিক্ষার্থীকে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশের ‘মনপুরা’ এলাকায় র্যাগিং করেন।
এ সময় নবীন শিক্ষার্থীদের বিভিন্নভাবে মানসিক নির্যাতন, অকথ্য ভাষায় গালাগাল, কান ধরে ওঠবস করানোসহ অমানবিক আচরণ করা হয় বলে আদেশে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ এর ৫ (৬) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ বা ক্যাম্পাসের যেকোনো স্থানে টিজিং, র্যাগিং বা নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ। ওই ধারা লঙ্ঘনের অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।