Published : 06 Apr 2026, 03:12 PM
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
এ ঘটনার জেরে স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার সকালে ধবলসুতি বিওপির সীমান্ত পিলার ৮২৬/১-এস এর কাছে গাটিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে বলে পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানিয়েছেন।
আহত ২৮ বছর বয়সী মিজানুর রহমান পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের মফিজুল ইসলামের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে পাঠিয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি নাজমুল বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে মিজানুর সীমান্তের শূন্য রেখার কাছে ঘাস কাটতে গেলে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
“এক রাউন্ড গুলি মিজানুরের কাঁধে বিদ্ধ হয়। তবে আহত অবস্থায় তিনি বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসতে সক্ষম হন।”
তিনি বলেন, “এদিকে গুলিবর্ষণের ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয়রা সীমান্ত এলাকা থেকে শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে নিয়ে আসে।
“বর্তমানে ওই ভারতীয় নাগরিক বিজিবির হেফাজতে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি।”