পূজার ছুটিতে বেনাপোল দিয়ে বেড়েছে যাত্রী চলাচল
গত চার দিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে সাড়ে ৪ হাজার পাসপোর্ট যাত্রী ভারতে গেছে, বলছে ইমিগ্রেশন পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টধারীদের যাতায়াত বেড়েছে।
ছুটিতে পরিবার-পরিজন নিয়ে পূজা উপভোগ ও দর্শনীয় স্থান ভ্রমণে ভারতে যাচ্ছেন অনেকে। কেউ কেউ ছুটি কাজে লাগিয়ে চিকিৎসার জন্য যাচ্ছেন। একইভাবে ভারত থেকেও এই বন্দর দিয়ে বাংলাদেশে আসছেন বহু মানুষ।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে এই চেকপোস্ট ব্যবহার করে ৭ হাজার ৩০৩ পাসপোর্টধারী যাত্রী পারাপার হয়েছেন বলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন।
২০২৪ সালের ৫ অগাস্টের পর ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বন্ধ করে দেয়। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত সরকার বিধিনিষেধ আরোপ করায় কমে যায় দুদেশের মধ্যে যাত্রী পারাপার।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৫ অগাস্টের আগে প্রতিদিন এ চেকপোস্ট দিয়ে ৭ থেকে ৯ হাজার যাত্রী পারপার হত। সাম্প্রতিক সময়ে তা এসে দাঁড়ায় হাজারের নিচে।
ফলে দীর্ঘদিন পর বেনাপোল চেকপোস্টে ভারত গমনে যাত্রীদের এমন কোলাহল দেখা গেছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন, গত চার দিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে সাড়ে ৪ হাজার পাসপোর্ট যাত্রী ভারতে গেছে। বৃহস্পতিবার গেছে ১ হাজার ১৮২ জন। বুধবার গেছে ১ হাজার ১৮৭ জন। মঙ্গলবার গেছে ৯০৩ জন এবং সোমবার গেছে ৯৪২ জন।
দশ দিন আগেও এই সংখ্যা ছিল পাঁচশ’র নিচে ছিল জানিয়ে ইমিগ্রেশন পুলিশের এ কর্মকর্তা বলছেন, দুর্গাপূজার ছুটি কাটাতে ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে ভারত যাচ্ছেন লোকজন।
চেকপোস্টে কথা হয় ভারতগামী যাত্রী মাগুরার গণেশ মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, “চাকরি করি, তাই ঘুরে বেড়ানোর সময় পাই না।
“এবার পূজার লম্বা ছুটি থাকায় কলকাতায় বেড়াতে যাচ্ছি। সেখানে কিছু আত্মীয় আছেন; তাদের সঙ্গেও দেখা করব।”
বাগেরহাটের দিনেশ বন্ধু সরকার বলছিলেন, “পূজোর কয়েকটা দিন খুব মজা করব। কলকাতার হিন্দু তীর্থস্থানগুলো দেখার ইচ্ছাও রয়েছে। আত্মীয়-স্বজনদের বাড়ি ঘুরতে যাওয়ার ইচ্ছাও আছে।”
নড়াইলের গোপাল কর্মকার বলেন, “মাস্টারি করি, সময় পাইনে। এবার পূজার ছুটিটা কাজে লাগাব। ভারতের আত্মীয় স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিব।”
পূজার ছুটি কাজে লাগিয়ে ভারতে চিকিৎসার জন্য যাচ্ছেন বলে বরগুনার আমতলি এলাকার অলিউল ইসলাম জানিয়েছেন।
একই কথা জানালেন ফরিদপুর সদরের আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “মেডিকেল ভিসায় ভারত যাচ্ছি নিয়মিত চেকআপের জন্য।”
ইমিগ্রেশন ওসি ইলিয়াস বলেন, “যাচাই-বাছাই করেই পাসপোর্ট যাত্রীদের ভারত ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে।
“আগের মতো ভারত সরকার বাংলাদেশি যাত্রীদের ভিসা দেওয়ার ব্যবস্থা করলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ভ্রমণ অনেকটা বেড়ে যাবে।”
যাত্রী পারাপার বেশি হলে এখান থেকে সরকারের রাজস্ব আদায় বেশি হবে বলেও জানান তিনি।
