সিরাজগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ
পুলিশের লাঠিপেটা ও শটগানের গুলিতে বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দলের নেতারা জানান।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে সিরাজগঞ্জ শহরে দলের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের এস বি ফজলুল হক রোডে নবদ্বীপ পুল এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও বিএনপি নেতারা জানান।
সংঘর্ষে বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে তাদের নেতারা জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাসানী মিলনায়তন চত্বরে বিএনপির উদ্যোগে সমাবেশ চলছিল। এ অবস্থায় তারা খবর পর নবদ্বীপ পুল এলাকায় ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা’ বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে।
“এই সংবাদে সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠিচার্জ ও শটগানের গুলিতে অন্তত ১০/১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।”
আহতদের মধ্যে রনি নামে এক যুবদলকর্মীর চোখে গুলি লেগেছে এবং তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন জানান, বিএনপির সমাবেশকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। সমাবেশস্থলে নিজেদের মধ্যে ঝামেলার কারণে বিশৃঙ্খলা দেখা দেয়।
“নবদ্বীপ পুল এলাকায় নিজেরাই একটি ককটেল নিক্ষেপ করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর তারা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ছোড়ে পুলিশ।”
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন; তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
