২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমের জন্য সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 07:00 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান দশ মার্চ বগুড়া সদর উপজেলায় বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন।

সরকারপ্রধান হিসেবে এটিই হবে তার প্রথম বগুড়া সফর।

শুক্রবার দুপুরে শিবগঞ্জের মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.) এর মাজারে জুমার নামাজের আগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, “ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের জন্য বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ মার্চ তিনি আসবেন বলে জানা গেছে।

“ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।”

বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ বলেন, কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও তদারকি কমিটি কাজ করছে।

তিনি বলেন, “কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন।

“প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা রয়েছে।”

পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম চলবে। পরে ধাপে ধাপে এটি প্রতিটি উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান কালাম আদাজ।