১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে বিক্ষোভের মধ্যে দুই কারখানার শ্রমিকদের সংঘর্ষ

“রোয়া ফ্যাশনন্স কারখানার শ্রমিকরা পাশের আরেকটি পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে বেরিয়ে আসতে বলে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 04:20 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

গাজীপুর নগরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

এ সময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ‘রোয়া ফ্যাশনন্স লিমিটেড’ কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ করে। পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বাসন থানার এসআই মোহাম্মদ আলী বলেন, “দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।” 

পুলিশ ও শ্রমিকরা বলছে, রোয়া ফ্যাশনন্স কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১২ অগাস্ট তাদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা না করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ‌

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার আল মামুন শিকদার বলেন, “রোয়া ফ্যাশনন্স কারখানার আন্দোলনরত শ্রমিকরা পাশের ‘ইউরো জিন্স’ নামের একটি পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে বেরিয়ে আসতে বলে।

“কিন্তু ওই কারখানার শ্রমিকরা বেরিয়ে আসতে না চাওয়ায় রোয়ার শ্রমিকরা ইটপাটকেল ছুড়তে থাকে। এতে দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় যানজটের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।” 

কারখানার আশপাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে শিল্প পুলিশের এ কর্মকর্তা জানান।