বগুড়ায় খেজুরের গুদামে আগুন
মেসার্স সায়েম ট্রেডার্সের গুদামে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানায়।
বগুড়া শহরের জামিলনগর এলাকায় খেজুরের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে আজিজুল হক কলেজের সামনে মেসার্স সায়েম ট্রেডার্সের ওই গুদামে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বগুড়া স্টেশনের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশও সেখানে অবস্থান করছেন।
সায়েম ট্রেডার্সের স্বত্বাধিকারীর বড় ছেলে ডা. রায়হান বলেন, তারা বিদেশ থেকে খেজুর এনে এখানে প্যাকেজিং করে বাজারজাত করেন। হঠাৎ করেই আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। গুদামের ছাদে ৬০-৭০ লাখ টাকার খালি কার্টুন মজুত ছিল। সেখানে থাকা এক কনটেইনারের বেশি খেজুর এবং দুটি প্যাকেজিং মেশিন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। খেজুর পরিবহনের একটি পিকআপ সম্পূর্ণ ভস্মীভূত এবং অন্য একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি দাবি করেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা সেখানে আছেন।
