২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় চালককে খুন করে ইজিবাইক ছিনতাই, আটক ১

কিশোর সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

ব্রাহ্মণবাড়িয়ায় চালককে খুন করে ইজিবাইক ছিনতাই, আটক ১
কিশোর ইজিবাইক চালকের স্বজনদের আহাজারি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 10:35 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চালককে খুন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। 

বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার মনকাশাইর এলাকায় এ ঘটনা ঘটে বলে কসবা থানার ওসি জহিরুল হক কবির জানান। 

নিহত ইজিবাইক চালক রিফাত মিয়া (১৭) উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া গ্রামের মো. আবেদ মিয়ার ছেলে। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

কিশোর সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আবু নেছার ওরফে আপন (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। 

আটক আপন একই উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার গ্রামের বাসিন্দা। 

রিফাতের বাবা আবেদ আলী মিয়ার দাবি, বুধবার রাতে যাত্রীবেশে ছিনতাইকারীরা ইজিবাইকে উঠে মনকাশাইর এলাকায় এসে তার ছেলেকে হত্যা করে যানটি ছিনতাই করে। 

পরে ইজিবাইকটির চার্জ কমে গেলে পৌর এলাকার শাহপুর গ্রামের একটি গ্যারেজে এনে যানটি রেখে যায় ছিনতাইকারীরা। 

বৃহস্পতিবার সকালে রিফাতকে হত্যার খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। 

এদিকে, সকালে আবু নেছার পুনরায় ইজিবাইকটি আনতে গেলে গ্যারেজ মালিক ও স্থানীয় জনতা তাকে আটক করে মারধর করে দিয়ে পুলিশে সোপর্দ করে। 

তার দেওয়া তথ্যে মনকাশাইর এলাকা থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।

ওসি জহিরুল হক কবির বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাতকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করেছে নেছার। এ বিষয়ে থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।”