২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডাকাত দলের গোলাগুলিতে নিহত দুই, আহত ১

মুন্সীগঞ্জের কালিরচর-চাঁদপুরের মোহনপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে থানা পুলিশ জানায়।

মেঘনায় ডাকাত দলের গোলাগুলিতে নিহত দুই, আহত ১
ফাইল ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 10:47 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর মুন্সীগঞ্জের কালিরচর ও চাঁদপুরের মোহনপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সাইফুল আলম জানান।

নিহতরা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাসানচরের কালাম ফকিরের ছেলে রাসেল (৩২) ও চাঁদপুরের মতলব থানাধীন ২৯ বছর বয়সি রিফাত।

আইয়ুব আলী (৩২) নামে পায়ে গুলিবিদ্ধ বালি চকের যুবককে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি সাইফুল আলম বলেন, নদীতে চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তার নিয়ে কানা জহির ও কিবরিয়া গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে ওই দুজন ঘটনাস্থলেই মারা যান। তাদের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। 

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, ঘটনাস্থলে নৌপুলিশ কাজ করছে। অন্য অপরাধীদের গ্রেপ্তার  ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।