নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী’ সন্দেহে ২ যুবককে পিটুনি, একজনের মৃত্যু
একদিন আগে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে দুই যুবক গণপিটুনির শিকার হন বলে জানায় পুলিশ।
নারায়ণগঞ্জ সদরে পৃথক স্থানে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে দুই যুবক গণপিটুনির শিকার হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন।
রোববার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম।
নিহত মো. কামরুল (২৭) চাঁদপুরের হাইমচর সদর থানা এলাকার হুমায়ুন কবির ওরফে জাহাঙ্গীরের ছেলে। তিনি পরিবারের সঙ্গে শিয়াচর তক্কার মাঠ এলাকায় বসবাস করতেন।
আহত মো. ফেরদৌস (৩৫) শহরের ডিআইটির পাশের এলাকা দেওভোগের প্রয়াত হাবিবুর রহমানের ছেলে। নারায়ণগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় নিয়ে গেছেন স্বজনরা।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, রোববার দুপুর ১টায় ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় ছিনতাইয়ের অভিযোগে কামরুলকে আটক করে স্থানীয় লোকজন পিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টায় কামরুল মারা যান।
কামরুলের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসহ ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, তার মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে শহরের ডিআইটি এলাকার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, বৃহস্পতিবার ভোরে ডিআইটি মিন্নত আলী শাহ্ মাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত (২০) আহত হন।
পরে শনিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।
তিনি বলেন, একই স্থানে সোমবার রাতে স্থানীয় লোকজন ছিনতাইকারী আখ্যা দিয়ে ফেরদৌসকে পিটুনি দেয়। পরে কে বা কারা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে জানতে পারে, ফেরদৌসকে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা ঢাকায় নিয়ে গেছেন।
সীমান্ত হত্যার পাশাপাশি গণপিটুনির ঘটনাটিকেও গুরুত্ব দিয়ে তদন্তের কথা জানিয়েছেন ওসি মোহাম্মদ নাছির।
