Published : 04 Sep 2024, 02:48 PM
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের বেপারী বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন।
নিহত মো. খবির প্রধান (৩৫) ওই গ্রামের মৃত গোলাম মোর্তোজা প্রধানের ছোট ছেলে। অটোরিকশা চালক খবিরের স্ত্রী মাহমুদা বেগম এবং মুনিয়া আক্তার (১১) ও তোহা আক্তার (৩) নামে দুইটি মেয়ে রয়েছে।
খবির উদ্দিনের চাচাতো ভাই মো. পাভেল বলেন, “আমার ভাই অটোরিকশা চলিয়ে এবং কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার বিকালে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়েছিলেন তিনি।
“সন্ধ্যায় বাড়িতে না ফিরলে আমরা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করি। পরে লোকমুখে শুনতে পাই কারা যেন আমার ভাইকে মেরে খালের পানিতে ফেলে রেখে চলে গেছে।”
দুই বছর আগে তার পরিবারের আরেকজনকে মেরে ফেলা হয়েছিল জানিয়ে তিনি বলেন, “সেই হত্যার বিচার আজও পাইনি। আজকে আবার আমার ভাইকে মেরে ফেলেছে। এখন আমরা প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
পরিদর্শক সানোয়ার হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে।