২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর-৪: ‘দাগি আসামিরা বড় দলে ভিড়ে ভয় দেখাচ্ছে’

স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ ফুটবল প্রতীক নিয়ে ভোট করছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 09:21 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

ফরিদপুর-৪ আসনে ইতিহাসের ‘ঘৃণিত নির্বাচন’ অনুষ্ঠিত হবে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ। 

ফুটবল প্রতীকের এই প্রার্থী রোববার সংবাদ সম্মেলনে এসে বলেন, “কর্মী-সমর্থকদের হুমকি-ধমকিসহ অস্ত্র নিয়ে ভয়-ভীতি প্রদর্শন, হামলা-মামলার ভয়, পুলিশ দিয়ে গ্রেপ্তার, প্রচারে বাধা, ব্যানার-ফেস্টুন ছিড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে একটি বড় রাজনৈতিক দল।” 

এ ছাড়া অভিযোগপত্রভুক্ত আসামিরা দলটিতে ভিড়ে নির্বাচনি মাঠে ভীতি ছড়াচ্ছেন। বিষয়গুলো নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন প্রার্থী। 

রোববার বিকালে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ আলেপের মোড় এলাকায় নিজের নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলনের এসব অভিযোগ করেন তিনি। 

সদরপুর উপজেলার সদর ইউনিয়ন ও কৃষ্ণনগর ইউনিয়ন এবং ভাঙ্গা উপজেলার অধিকাংশ ইউনিয়নে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করলেও কোনো দলের নাম বলতে অপারগতা প্রকাশ করেন মুজাহিদ বেগ।  

তিনি বলেন, “বর্তমান সরকার আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, ইতিহাসের সেরা নির্বাচন হবে। সরকারের এমন প্রতিজ্ঞার কারণে আমরা নির্বাচনের মাঠে লড়াই করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, এখানে নির্বাচনি পরিবেশ মোটেও সুন্দর হচ্ছে না, সুষ্ঠু হচ্ছে না, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই।

“প্রতিটা অঞ্চলে আমাদের নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। গ্রামের গোত্রীয় ও দলাদলির কারণে ভয়ে তারা অভিযোগও করতে পারছে না। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় আছি।”

এসব বিষয়ে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, “নির্বাচনি মাঠে আমাদের অনুসন্ধান দল রয়েছে এবং সেখানে একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছেন। তারা কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে সেখানে অভিযোগ করলে তারা ব্যবস্থা নেবেন।”