২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের

চাকা ভেঙে সড়কে বিকল হয়ে যাওয়া রিকশাভ্যানকে পেছন থেকে ট্রাক এসে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 07:37 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

বগুড়ার কাহালু উপজেলার ট্রাকের ধাক্কায় বাবা-মেয়েসহ রিকশাভ্যানের চালক নিহত হয়েছেন। 

শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালু উপজেলার দরগাহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে কাহালু থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান। 

নিহতরা হলেন মো. ফারুক (৩০), তার শিশু কন্যা হুমায়রা (৯) ও ভ্যানচালক শাহিনুর রহমান (২৫)। 

স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন বলেন, সকালে বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর দরগাহাট এলাকায় যাত্রীবাহী একটি রিকশাভ্যানের চাকা ভেঙে বিকল হয়ে যায়। তখন পেছন থেকে নওগাঁমুখি একটি ট্রাক এসে ভ্যাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। 

এতে ভ্যানে থাকা একই পরিবারের তিনজন ও বাহনটির চালক আহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বাবা-মেয়ে ও চালককে মৃত ঘোষণা করেন। 

নিহতদের লাশ হাসপাতালের মর্গে আছে জানিয়ে ওসি বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”