Published : 12 Jun 2026, 04:34 PM
খাগড়াছড়ি শহরে ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতভর বিভিন্ন এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু।
গ্রেপ্তররা হলেন- মহালছড়ি সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক চাইহ্লাঅং মগ (৩৩), সদর উপজেলার গামারীঢালা এলাকায় মো. মুজিবুর রহমান (৪৫), ৬ নম্বর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাদেক ওরফে ছাদেক ভূঁইয়া (৫০)।
পুলিশ জানায়, বুধবার বেলা ২টার দিকে উপজেলার গুগড়াছড়ি বাজারের প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে দেশি অস্ত্র ছিল বলে দাবি পুলিশের। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ করেছে পুলিশ।
পরে এ ঘটনায় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহালছড়ি থানা পুলিশের সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মামলার এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি চাইহ্লাঅং মগ এবং রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গামারীঢালা এলাকা থেকে ২৯ নম্বর আসামি মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শালবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছাদেক ভূঁইয়াকে আটক করে পুলিশ।
ওসি কায় কিসলু বলেন, গ্রেপ্তারদের সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ ২০২৪ সালে করা একাধিক ফৌজদারি মামলায় আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া ছাদেক ভূঁইয়ার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় দায়ের হওয়া আরও দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।