Published : 16 Jan 2026, 04:48 PM
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেছেন, “সংবিধান, উচ্চকক্ষ, নিম্নকক্ষ বোঝানো লাগবে না; নাগরিকের প্রাত্যহিক জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে ‘হ্যাঁ’র পক্ষে জনমত তৈরি করতে হবে। তাই গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া।”
শুক্রবার দুপুরে সিলেট জেলা ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নূরজাহান বেগম বলেন, “যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ ট্রাই করবে নির্বাচন না হোক। তাই জনগণকে যত যুক্ত করা যাবে, ততো অশুভ শক্তি ও নির্বাচনবিরোধী শক্তি পরাজিত হবে।”
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পরিচালনায় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ছাড়াও সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।