২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় প্রতিবাদী গান ও মিছিলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে পৌনে ১টার দিকে ফিরে যান শিক্ষার্থীরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2024, 08:49 PM

Updated : 26 Aug 2026, 10:09 AM

বৃষ্টিতে ভিজে প্রতিবাদী গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে পাবনায় অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় পাবনাকে অচল করে দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

শনিবার সকাল সাড়ে ১১টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে কয়েক হাজার শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল শহরের ট্রাফিক মোড়ে গিয়ে অবস্থান নেয়।

সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার অন্যতম সমন্বয়ক ফাহাদ হোসেন বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ‘গুলিতে’ অসংখ্য শিক্ষার্থীসহ সাধারণ মানুষ মারা গেছেন। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

শুক্রবার সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলন ছিল। এর মধ্যেও বিভিন্ন জায়গায় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেছে। আবারও অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আমরা এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছি।”

আর একটি প্রাণও ঝরতে দেওয়া হবে না; আর একটি গুলি চললে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

রোববার থেকে অসহযোগ আন্দোলন পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীরা আর ঘরে বসে থাকবে না। কাল থেকে পাবনায় কোনো দোকানপাট খুলবে না। ব্যবসায়ীদের আহ্বান করব, প্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করুন, রাস্তায় নামুন।

“আপনারা কেউ কোনো ধরনের বিল দেবেন না। বিদ্যুৎ বিল, গ্যাস বিলসহ সব বিল পরিশোধ বন্ধ রাখবেন। রিকশা-ভ্যান, অটোরিকশাসহ সকল যানবাহনের চালকেরা গাড়ি নিয়ে বের হবেন না। ‘স্বৈরাচার’ থেকে মুক্তি পেতে সবাই আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করুন।”

শুক্রবার সারাদেশ শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে গণমিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচিতে দেশের বেশকিছু জায়গায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এতে অনেকেই নিহত হন বলে দাবি তাদের।

সকালে বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে শহরের আব্দুল হামিদ সড়কে প্রবেশমুখে অবস্থান নেন পুলিশ ও বিজিবি। তবে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে ট্রাফিক মোড়ে অবস্থান নিলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে পৌনে ১টার দিকে এডওয়ার্ড কলেজ এলাকায় ফিরে যান আন্দোলনকারীরা।