২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ২: মামলা দায়ের, গ্রেপ্তার মোট ৫

নিহত আব্দুস সালামের ছেলে মো. জব্বারুল বাদী হয়ে বুধবার সকালে রায়গঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 02:19 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনার দুদিন পর মামলা হয়েছে। 

বুধবার সকালে রায়গঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয় বলে থানার ওসি গোলাম কিবরিয়া জানিয়েছেন। 

এর আগে সোমবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়ায় পুকুরে জাল ফেলা নিয়ে সংঘর্ষে এ হত্যাকাণ্ড ঘটে। 

পরে পুলিশ তিনজনকে আটক করে; যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে এলাকাটি পুরুষ শূন্য হয়ে পড়েছে।

ওসি বলেন, “দুজন নিহতের ঘটনায় নিহত আব্দুস সালামের ছেলে মো. জব্বারুল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে ৬৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।” 

পুলিশ বলছে, মামলার পর আগে আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

গ্রেপ্তাররা হলেন- রায়গঞ্জ উপজেলার গোয়ালপাড়ার নজর আলীর ছেলে আছমত আলী (৪২), একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে আশরাফ আলী (৪৪), আব্দুর রহিমের ছেলে তরিকুল ইসলাম (৪২), ফজলার রহমানের ছেলে মো. লিটন (৪০) এবং পাশের জামতৈল কানাদিগি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আন্নাস আলী (৪০)।  

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, গোয়ালপাড়ায় পাঁচ বিঘা সরকারি খাসপুকুর নিয়ে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। আছমত আলী স্থানীয় মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন।

২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পরিবর্তের পর বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক পুকুরটি তিন বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করেন। সোমবার সকালে আবু বক্কার সিদ্দিক লোকজন নিয়ে পুকুরে জাল ফেললে আছমত আলী তাতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

দেশি ধারালো অস্ত্র, হাসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে তারা একে অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর পক্ষের চারজন এবং আবু বক্কার সিদ্দিকের পক্ষের সাতজন গুরুতর আহত হন।

আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে আবু বক্কার সিদ্দিকের বড় ভাই আব্দুস সালাম (৬০) সিরাজগঞ্জ হাসপাতালে এবং একই পক্ষের মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) বগুড়ায় মারা যান।

ওসি গোলাম কিবরিয়া বলছেন, “মামলার পর লিটন ও আন্নাসকে নাটোরের সিংড়া থেকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। 

“এর আগে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আওয়ামী লীগ সমর্থক গোয়ালপাড়ার আহত আছমত, আশরাফ ও তরিকুলকে গ্রেপ্তার করা হয়। তারা এখনো পুলিশ পাহারায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”         

এ পুকুরের দখলকে কেন্দ্র করে ২০০৭ সালে ফজলার রহমান নামের আরও একজন নিহত হয়েছিলেন।

 সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২: চিকিৎসাধীন ৩ জন আটক

সিরাজগঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২