সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২: চিকিৎসাধীন ৩ জন আটক
এ পুকুরের দখল নিয়ে ২০০৭ সালেও একজন নিহত হয়েছিলেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ; যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ-সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, দুপুর পর্যন্ত মামলা হয়নি। নিহতদের পরিবার মামলা করলে আটকদের গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে সোমবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে এলাকাটি পুরুষ শূণ্য হয়ে পড়েছে।
আটকরা হলেন- উপজেলায় গোয়ালপাড়ার নজর আলীর ছেলে আছমত আলী (৪২), একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে আশরাফ আলী (৪৪) এবং আব্দুর রহিমের ছেলে তরিকুল ইসলাম (৪২)। তারা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের মৃতদেহ সিরাজগঞ্জ ও বগুড়ার হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রায়গঞ্জ থানার এসআই আব্দুল মতিন বলেন, সংঘর্ষে আহতদের মধ্যে আবু বক্কার সিদ্দিক পক্ষের ছয়জন এবং আছমত আলী পক্ষের তিনজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর মধ্যে আবু বক্কার সিদ্দিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং এক পা ভেঙে গেছে।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, গোয়ালপাড়ায় পাঁচ বিঘা সরকারি খাসপুকুর নিয়ে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। আছমত আলী স্থানীয় মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন।
২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পরিবর্তের পর বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক পুকুরটি তিন বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করেন। সোমবার সকালে আবু বক্কার সিদ্দিক লোকজন নিয়ে পুকুরে জাল ফেললে আছমত আলী তাতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
দেশি ধারালো অস্ত্র, হাসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে তারা একে অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর পক্ষের চারজন এবং আবু বক্কার সিদ্দিকের পক্ষের সাতজন গুরুতর আহত হন।
আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে আবু বক্কার সিদ্দিকের বড় ভাই আব্দুস সালাম (৬০) সিরাজগঞ্জ হাসপাতালে এবং একই পক্ষের মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) বগুড়ায় মারা যান।
এ পুকুরের দখলকে কেন্দ্র করে ২০০৭ সালে ফজলার রহমান নামের আরও একজন নিহত হয়েছিলেন।
