নোয়াখালীতে বিএনপির ‘গৃহদাহে’ কার ‘শিকে ছিঁড়বে’
নোয়াখালী-২, নোয়াখালী-৫ এবং নোয়াখালী-৬ আসনে বিএনপি প্রার্থী দলে ‘বিদ্রোহের’ মুখে পড়েছেন।
নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বিএনপির প্রার্থীরা প্রায় সবাইকে নিয়ে একসঙ্গে প্রচার-গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বলা যেতে পারে, এই তিনটি আসনে বিএনপি প্রার্থীদের ‘অনাকাঙ্ক্ষিত বিদ্রোহের’ মুখে পড়তে হয়নি।
তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীকে মোকাবিলা করবেন। আর যেহেতু নোয়াখালী বিএনপির এক ধরনের ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত; ফলে তাদের নিয়ে সর্বোচ্চ আশাবাদী নেতাকর্মীরা।
আপাতদৃষ্টিতে ‘ঝুঁকিমুক্ত’ এই তিন নেতা হলেন- নোয়াখালী-১ (চাটখিল, সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী সমিতির নেতা এ এম এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
কিন্তু বাকি তিনটি, অর্থাৎ নোয়াখালী-২, নোয়াখালী-৫ এবং নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থীরা নিজের দলে ‘বিদ্রোহের’ মুখে পড়েছেন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই এসব আসনে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকরা।
তারা বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, কাফনের কাপড় পরে মিছিল, মানববন্ধন, সড়ক অবরোধের মত কর্মসূচি পালন করেছেন। সহিংসতার ঘটনাও ঘটেছে।
এই তিন আসনে বিএনপির গৃহদাহের কারণে অন্য কোনো দল বা প্রার্থীর ‘ভাগ্যের শিকে ছেঁড়ে’ কিনা সেটাই এখন দেখার বিষয়।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ছয়টি আসনের সবগুলোতে প্রার্থী দিতে পেরেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। তিনটি করে আসনে প্রার্থী দিয়েছে এনসিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
বিএনপি নেতা-কর্মীদের ভাষ্য, জেলায় তাদের সাংগঠনিক ভিত্তি মজবুত। তবে আওয়ামী লীগ আমলে বিএনপির ভোট বয়কট এবং ক্ষমতাসীনদের কারচুপির কারণে সব আসনই আওয়ামী লীগের কব্জায় ছিল। হামলা-মামলা ও নির্যাতনে কারণে মাঠেও কোণঠাসা ছিল বিএনপি।
২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির নেতারা আবারও দলকে সংগঠিত করেছেন। তবে নির্বাচনে প্রার্থী ঘোষণার পর দলের ভেতরে কোথাও কোথাও ‘অসন্তোষ-কোন্দল’ মাথাচাড়া দিয়েছে। এর সুযোগ নিতে জামায়াতে ইসলামী মরিয়া চেষ্টা চালাবে বলে মনে করেন বিএনপি নেতাকর্মীরা।
নোয়াখালী-৫: হাসনা মওদুদের ঘোষণায় ‘চাঞ্চল্য’
কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার দুই ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে স্বাধীনতাত্তোর কাল থেকে দীর্ঘ সময় জনপ্রতিনিধিত্ব করেছেন বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদ। এলাকায় তার ব্যক্তিগত প্রভাব ও অনুসারী রয়েছেন। মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ এবং নির্বাচনের অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। হঠাৎ করেই হাসনা মওদুদের এই ঘোষণায় নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের মধ্যে ‘চাঞ্চল্যের’ সৃষ্টি হয়েছে।
কারণ এই আসনে এবার মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ব্যবসায়ী মুহাম্মদ ফখরুল ইসলাম। তাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিত বিএনপির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের সমর্থকরা। তারা প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন।
ফখরুল ইসলাম এমনিতেই ‘দলীয় বিদ্রোহের’ মুখে পড়ে কিছুটা বিপদে পড়েছেন। তার উপর হাসনা মওদুদের ঘোষণা আরও কিছুটা ‘বিপদের ইঙ্গিত’ দিচ্ছে বলে মনে করছেন নেতাকর্মীরা। তারা বলছেন, নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে এই আসনটিতেই বোধহয় সবচেয়ে ‘অনিশ্চয়তা’ দেখা দিতে যাচ্ছে।
বিষয়টি অনুধাবন করে অসন্তোষ প্রশমনে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন জেলা বিএনপির নেতারাও। তারা এরই মধ্যে কবিরহাটে একটি সমাবেশে উপস্থিত হয়ে দলের প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
২৩ ডিসেম্বর হাসনা মওদুদ নিজের ফেইসবুক পেইজে লেখেন, “আলহামদুলিল্লাহ। নোয়াখালী-৫ আসনে তৃণমূলের প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে এই আসনের সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী তথা এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মরহুম ব্যারিষ্টার মওদুদ আহমদ। এই জনপদে তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আগামী সংসদ নির্বাচনে অংশ গ্ৰহণ করার লক্ষ্যে গত কাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন পত্র সংগ্রহ করি। আমি আশাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।”
হাসনা মওদুদের পক্ষে ২২ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান তার ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান নাহিদ। তিনি বলেন, “ম্যাডাম বিএনপি থেকেই মনোনয়ন চাইবেন। আশা করি, পাবেন। যদি না পান তাহলে পরবর্তীতে সিদ্ধান্ত দেবেন।”
১৯৮৬ ও ১৯৮৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মওদুদ আহমেদ জাতীয় পার্টির হয়ে নোয়াখালীর দুটি আসন থেকে বিজয়ী হন। পরে নোয়াখালী-৫ আসনটি তিনি ছেড়ে দেন। তখন উপ-নির্বাচনে দুবারই হাসনা মওদুদ এই আসন থেকে সংসদ সদস্য হন। ফলে অভিজ্ঞতার কারণে তিনি দলের কাছে এই আসন দাবি করেছেন।
তবে এসব নিয়ে চিন্তিত নন বিএনপি প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বরং দলের জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলছিলেন, “ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার দলীয় নেতা-কর্মীদের পাশে সবসময় ছিলাম। এ কারণে দল আমার ওপর আস্থা রেখেছে।”
অন্যদিকে বজলুল করিম চৌধুরী বলেন, তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার আগ পর্যন্ত তিনি প্রার্থী পরিবর্তনে চেষ্টা অব্যাহত রাখবেন।
এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বেলায়েত হোসেন। তিনি দলের উপজেলা কমিটির আমির। অন্য আসনের প্রার্থীদের মত তিনিও প্রায় ১০ মাস ধরে নির্বাচনি এলাকায় গণসংযোগ করছেন।
বেলায়েত হোসেন বলেন, “৫ অগাস্টের পর মানুষের মনোভাব পরিবর্তন হয়েছে। মানুষ এখন পরিবর্তন চায়।”
এনসিপির প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়রা নুর কয়েক দিন ধরে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নোয়াখালী দক্ষিণ জেলার অর্থ সম্পাদক ও কবিরহাট উপজেলা সভাপতি আবু নাছের। তিনিও নিয়মিত গণসংযোগ করছেন।
জেএসডির প্রার্থী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য কামাল উদ্দিন পাটোয়ারি। তিনি এলাকায় মিছিল, সমাবেশ ও গণসংযোগ করে যাচ্ছেন।
নোয়াখালী-৬: বিএনপিতে ‘বিদ্রোহ’, আলোচনায় হান্নান মাসউদ
হাতিয়া উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৬ আসনে এবার বিএনপির প্রার্থী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তার নাম ঘোষণার পর থেকেই প্রার্থিতা পরিবর্তনের দাবিতে মাঠে সোচ্চার রয়েছেন সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন। তাদের অনুসারীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এ অবস্থায় দলের প্রার্থীর পক্ষে হাতিয়া গিয়ে সমাবেশে অংশ নিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বিএনপি প্রার্থী মাহবুবের রহমান বলেন, “মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। মনোনয়ন নিয়ে যে অসন্তোষ, সেটি ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন। ভোটের আমেজ পুরোদমে শুরু হলে এ বিভক্তি থাকবে না।”
এই আসনে এনসিপির প্রার্থী দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকার জন্য তিনি আলোচনায় আসেন। স্থানীয় রাজনীতির মাঠে নতুন হলেও গত এক বছরের বেশি সময় ধরে নানা উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন।
হান্নান মাসউদ বলেন, “দ্বীপের মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, অনেক ক্ষেত্রে সফলও হয়েছি। এখন মানুষ তাদের সিদ্ধান্ত নিচ্ছে। অবশ্যই এ দ্বীপের মানুষ তাদের পাশে দাঁড়ানো সন্তানকেই প্রাধান্য দেবে।”
জামায়াতে ইসলামীর প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শাহ মাহফুজুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম শরীফ।
শাহ মাহফুজুল হক বলেন, যেখানেই যাচ্ছেন, সেখানেই সাড়া পাচ্ছেন। সুষ্ঠু নির্বাচন হলে একটি ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা তার।
নোয়াখালী-২: লাগাতার প্রতিবাদ-বিক্ষোভ
সেনবাগ ও সোনাইমুড়ীর একাংশ নিয়ে গঠিত নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি পাঁচবার সংসদ সদস্য ছিলেন।
প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ, সড়ক অবরোধসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারীরা।
কাজী মফিজুর রহমান বলেন, তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭টি মামলার আসামি হয়েছেন। জেল খেটেছেন। ১৬ বছর দলের নেতা-কর্মীদের পাশে, পরিবারের পাশে ছিলেন। অথচ মনোনয়ন দেওয়া হয়েছে আরেকজনকে। এ কারণে তার অনুসারীরাসহ নির্বাচনি এলাকার সর্বস্তরের মানুষ এই প্রার্থী পরিবর্তন চান।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক। তিনি নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের নিজের পক্ষে নিতে গত কয়েক মাস থেকে এলাকায় বিরামহীনভাবে সভা-সমাবেশসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, “যে যাই বলুক, শেষ পর্যন্ত দলের সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। কেননা ধানের শীষ দেশনেত্রী খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের প্রতীক।”
এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা নায়েবে আমির সাইয়েদ আহমদ। তিনি বলেন, “মানুষ পরিবর্তন চায়। জনগণের চোখ খুলে গেছে। প্রচারে গিয়ে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রবাসী কল্যাণ সম্পাদক ও শ্রমিক আন্দোলনের সভাপতি খলিলুর রহমান প্রচার চালাচ্ছেন। শেষ পর্যন্ত ইসলামি দলগুলোর জোটবদ্ধ ভোট করার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
নোয়াখালী-১: ‘নির্ভার’ খোকন
চাটখিল ও সোনাইমুড়ীর একাংশ নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন এ এম এম মাহবুব উদ্দিন খোকন। তিনি এই আসনের তিনবারের সংসদ সদস্য। প্রার্থী ঘোষণার পর নির্বাচনি এলাকার তিনি গণসংযোগ শুরু করেছেন।
অন্যদিকে এই আসনে প্রার্থী হতে আগ্রহী ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ। মনোনয়ন না পেয়ে তিনি প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখাননি।
জামায়াতে ইসলামীর প্রার্থী উপজেলা কমিটির আমির মো. সাইফুল্লাহ প্রায় ১০ মাস ধরে প্রতিদিন কোনো না কোনো এলাকায় গণসংযোগ করছেন। গণসংযোগে ব্যস্ত দলের সব পর্যায়ের নেতাকর্মীরা। সক্রিয় আছেন নারী কর্মীরাও।
মো. সাইফুল্লাহ বলেন, “প্রচার শুরুর পর থেকে সাধারণ মানুষের মাঝে যথেষ্ট সাড়া দেখতে পাচ্ছেন। মানুষ পরিবর্তন চায়। আশা করি, ভোটের মাঠে সেটির প্রতিফলন ঘটবে।”
এনসিপির প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক কয়েকদিন ধরে এলাকায় প্রচারে সরব রয়েছেন। তিনি ২২ ডিসেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিব তামিমের বাবা আব্দুল মান্নানের হাত দিয়ে চাটখিল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ওমর ফারুক বলেন, ‘জুলাই যোদ্ধাদের’ স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করতে তিনি প্রার্থী হয়েছেন।
তিনি প্রচলিত ধারার রাজনীতি এবং ভোটের সংস্কৃতির পরিবর্তে ‘কালো টাকা ও পেশী শক্তির প্রভাবমুক্ত’ নির্বাচনের দাবি জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে জহিরুল ইসলামকে প্রার্থী করেছে।
নোয়াখালী-৩: জেএসডি ‘চেষ্টা করবে’
বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে প্রার্থী করেছে। তিনি চারবারের সংসদ সদস্য। প্রার্থিতা ঘোষণার আগে একাধিক নেতা নির্বাচন করতে ইচ্ছুক ছিলেন। তবে চূড়ান্ত ঘোষণার পর বরকত উল্লাহর বিপক্ষে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
প্রার্থী ঘোষণার আগে থেকেই বরকত উল্লাহ বুলু এলাকায় নিয়মিত উঠান বৈঠকসহ সভা-সমাবেশ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিতির মাধ্যমে গণসংযোগ করছেন।
এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা কমিটির সেক্রেটারি বোরহান উদ্দিন। তিনি দুই মেয়াদে (২০০৯ ও ২০১৪) উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ফলে এখানে দলের ভালো ভিত্তি রয়েছে।
বোরহান উদ্দিন বলেন, “দুই মেয়াদে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকাকালে মানুষের কল্যাণে সাধ্য অনুযায়ী কাজ করেছি। দলীয়ভাবে প্রার্থী ঘোষণার পর থেকে প্রতিদিনই কোনো না কোনো এলাকায় গণসংযোগ করছি। সাধারণ মানুষের মাঝেও ব্যাপক সাড়া পাচ্ছি।”
এই আসনে একসময় জাসদের বেশ প্রভাব ছিল। ইউনিয়ন পর্যায় থেকে সংসদ সদস্য পর্যায়ে তাদের জনপ্রতিনিধি ছিল। যদিও সময়ের ব্যবধানে ও ভাঙনে এখন আর সেই অবস্থা নেই। তবু জেএসডি তার পুরনো ভিত্তিকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বলে মনে করেন দলের নেতাকর্মীরা।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ২২ ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি নিয়মিত এলাকায় মিছিল, সমাবেশ ও গণসংযোগ করে যাচ্ছেন।
এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুর উদ্দিন আমানতপুরী। তিনি দলটির নোয়াখালী উত্তর জেলার সংখ্যালঘুবিষয়ক সম্পাদক।
নোয়াখালী-৪: ‘কোন্দলমুক্ত’ শাহজাহান
সদর ও সুবর্ণচর উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি এই আসনের চারবারের সংসদ সদস্য। এখানে প্রার্থিতা ঘোষণার পর অন্য কোনো নেতা প্রতিক্রিয়া দেখাননি। প্রার্থিতা ঘোষণার আগে থেকেই শাহজাহান নির্বাচনি এলাকায় গণসংযোগ করে আসছেন।
তার ভাষ্য, সব সময় তিনি এলাকার মানুষের ‘পাশে ছিলেন, খোঁজখবর নিয়েছেন’। এ কারণে প্রার্থিতা ঘোষণার পর দলের পাশাপাশি নিজ উদ্যোগে অনেকে তার পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে তিনি নিজের নির্বাচনি ইশতেহার ছাপিয়ে তা বিলি করছেন।
শাহজাহান বলেন, শান্তি-উন্নয়ন এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠাই তার লক্ষ্য।
এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমির ইসহাক খন্দকার। দলীয় নেতাকর্মীদের নিয়ে ৯-১০ মাস আগে থেকেই নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।
ইসহাক খন্দকার বলেন, “সবার একটি কথা, তারা এবার পরিবর্তন চান। কোন দল থেকে কে প্রার্থী হচ্ছেন, সেটা বিবেচ্য নয়, তারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন।”
গণঅধিকার পরিষদের প্রার্থী হয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য আবদুজ জাহের। তিনিও বেশ কিছুদিন ধরে এলাকায় গণসংযোগ করছেন।
আর ইসলামী আন্দোলনের প্রার্থী হয়েছেন নোয়াখালী দক্ষিণ শাখার সহসভাপতি ফিরোজ আলম। তিনিও নিয়মিত গণসংযোগ করছেন বলে জানিয়েছেন।
