২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা করে পালাল স্বামী

“ভ্যানচালক হেলাল বাড়িতে লোকজন নিয়ে এসে নিয়মিত নেশা করত।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

মাদারীপুরে পারিবারিক কলহ ও নেশা করতে বাধা দেওয়ায় এক নারীকে গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বুধবার সকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান।

নিহত নাজমা বেগম (৪০) ওই গ্রামের ভ্যানচালক হেলাল খানের স্ত্রী। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকেই হেলাল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি আদিল বলেন, “ভ্যানচালক হেলাল বাড়িতে লোকজন নিয়ে এসে নিয়মিত নেশা করত। এ নিয়ে স্ত্রী নাজমার সঙ্গে তার পারিবারিক কলহ লেগেই থাকত। বুধবার হেলালকে তার ছেলে নাজমুল হাসান হালান নেশা করতে বাধা দেয়।

“এতে ক্ষিপ্ত হয়ে হেলাল ছেলেকে লাঠি দিয়ে পেটানোর শুরু করে। এ সময় নাজমা ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে হেলাল কড়ই গাছের একটি শক্ত ডাল দিয়ে তার মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি।”

পরে দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।