২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন না পেয়ে বিক্ষোভ: শেরপুর জেলা যুবদল সভাপতিকে অব্যাহতি

শেরপুর-১ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবদলের এ নেতা জেলা বিএনপিরও যুগ্ম আহ্বায়ক।

মনোনয়ন না পেয়ে বিক্ষোভ: শেরপুর জেলা যুবদল সভাপতিকে অব্যাহতি
শফিকুল ইসলাম মাসুদ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 02:24 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুর জেলা যুবদল সভাপতিকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা এক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগসহ ধানের শীষের পক্ষে নানা ধরনের কর্মসূচি করে আসছেন। 

এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তিনজনকে ডেকেছিল বিএনপির কেন্দ্রীয় কমিটি; যার মধ্যে মাসুদও ছিলেন। এর মধ্যে ৩ নভেম্বর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।

যেখানে শেরপুর-১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আর বাদ পড়েন যুবদল নেতা মাসুদ।

এ ঘটনার পর থেকে মাসুদের কর্মী ও সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন। সবশেষ রোববার বিকালে মাসুদের পক্ষে শেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে এ কর্মসূচি পালনের দুইদিন পর শফিকুল ইসলাম মাসুদকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করল যুবদল।

অব্যাহতি পাওয়ার বিষয়ে মাসুদ বলেন, “দলের দুটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই দলের স্বার্থে শেরপুর জেলা যুবদলের সভাপতির পদ থেকে অব্যাহতি প্রার্থনা করছি। 

“সেইসঙ্গে যুবদলের শেরপুর জেলা শাখার কার্যক্রম পরিচালনা করতে জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।”