মুন্সীগঞ্জে রজতরেখা নদীর প্রবাহ ফেরাতে স্বেচ্ছাশ্রমে খনন শুরু
খনন কাজে অংশ নিয়েছেন তিন শতাধিক স্বেচ্ছাসেবী।
মুন্সীগঞ্জ শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া রজতরেখা নদীর প্রবাহ ফেরাতে স্বেচ্ছাশ্রমে খনন কাজ শুরু হয়েছে।
জেলা প্রশাসনে উদ্যোগে ১৮ কিলোমিটার দীর্ঘ এবং ৪৮০ ফুট প্রশস্ত এ নদীটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে খনন কাজে অংশ নিয়েছেন তিন শতাধিক স্বেচ্ছাসেবী।বৃহস্পতিবার সকালে খনন কাজের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।
সরেজমিনে দেখা যায়, জেলা প্রশাসকের উদ্বোধনের পরপর নদী রক্ষায় ঝাঁপিয়ে পড়েন স্বেচ্ছাসেবীরা। এক্সেভেটরের পাশাপাশি কোদাল-শাবল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে খনন করছেন এলাকাবাসী।
জেলা প্রশাসনের ডাকে রজতরেখাকে বাঁচাতে রোভার স্কাউটস, স্কাউটস, বিএনসিসি, যুব রেডক্রিসেন্ট, বিডিক্লিন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী এতে অংশ নিয়েছেন।
স্থানীয়রা জানান, টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারের পাশে শিলইয়ের পূর্বরাখিতে আড়াআড়ি বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করায় অস্তিত্ব সংকটে পড়ে নদীটি। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক। আর মঙ্গলবার বাঁধ অপসারণ করা হয়।
জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, “নদীটি প্রায় ৪৮০ ফুট প্রশস্ত ছিল। আর এখন কোনো কোনো স্থানে অস্তিত্ব খুঁজে পাওয়াই দুষ্কর।”
নদীর প্রবাহ না ফেরা পর্যন্ত খনন কাজ চলমান থাকবে বলে জানান তিনি।
