১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ফ্যামিলি কার্ডের জন্য ঘুষ’: নেত্রকোণায় এনসিপি নেত্রী আটক

স্থানীয় রাজনৈতিক কর্মীরা সাদিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 09:40 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের কুড়পার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান।

আটক সাদিয়া আক্তার (২২) এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোণা সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।

অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, “স্থানীয় রাজনৈতিক কর্মীরা সাদিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে তিনি এলাকার পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। বিষয়টির তদন্ত চলছে।”

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোণা জেলার সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে এখনো পুরোপুরি অবগত নন। তবে কেউ এ ধরনের অপরাধ করে থাকলে এর দায় সংগঠন নেবে না; এটি ওই ব্যক্তির ব্যক্তিগত দায়।

তিনি বলেন, “সাদিয়া আক্তার যদি সত্যিই এ অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং তা নেওয়া হবে।”