২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট নগরীতে জলজটে ভোগান্তি, বাড়ছে নদ-নদীর পানি

“চেরাপুঞ্জিতে ৪১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুইদিন আরও বৃষ্টি হবে; সিলেটের নদ-নদীর পানি বাড়বে। এটাই সতর্কবার্তা।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 06:28 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

টানা কয়েক দিন ধরে চলমান বৃষ্টিতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরীর বাসিন্দারা। আর জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট-বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকেছে পানি।

শনিবার সরজমিনে নগরীর যতরপুর, চারাদিঘীরপাড়, সুবিদবাজার, সাগরদিঘীরপাড় ও চৌকিদেখি এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। 

থেমে থেমে বৃষ্টি থাকার কারণে ভিজে চলাচল করছেন লোকজন। কেউ কেউ জমে থাকা ময়লাযুক্ত পানি মাড়িয়ে নিজের গন্তব্যে যাচ্ছেন। এসব এলাকার বাসাবাড়ি ও দোকানপাটের ভেতরে পানিও রয়েছে। 

নগরের নাইওরপুল ও সোবাহানীঘাট এলাকার বিভিন্ন পণ্যের দোকানে জমে থাকা পানি বালতি দিয়ে সরাতে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। তবে রাস্তাঘাটে জমে থাকা পানি ও ময়লা সরাতে সিলেট সিটি করপোরেশনের কর্মচারীদের দেখা যায়নি। 

রাস্তায় কোথাও-কোথাও ময়লার স্তূপ জমে রয়েছে। ব্যবসায়ীরা ড্রেনের মুখের ময়লা সরিয়ে পানি চলাচল স্বাভাবিক করছেন। 

এ ছাড়া নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, দাড়িয়াপাড়া, চৌহাট্টা, এমএজি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস, শিবগঞ্জ, শাহপারণ গেইট, রেলওয়ে স্টেশন এলাকা ও বঙ্গবীর মোড় এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।    

সিলেট আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় সিলেটে ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর শনিবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, আরও বৃষ্টিপাতের আশঙ্কা আছে। কারণ সিলেট অঞ্চলের আকাশে মেঘ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে। 

সিলেট নগরীর সওদাগরটুলা এলাকার বাসিন্দা মাসুম আহমদ বলেন, “বৃহস্পতিবার রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে সিলেটে। প্রতিদিন দিনে-রাতে চলছে বৃষ্টি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের সামনের রাস্তায় হাঁটু পানি জমে আছে। ড্রেন দিয়ে বেগে পানি প্রবাহিত হচ্ছে। ড্রেনের ময়লা রাস্তাতে উঠে গেছে। এবার মৌসুমের শুরুতেই জলাবদ্ধ হয়েছি। প্রতি বছর বর্ষাকালে এই ভোগান্তি পোহাতে হয় আমাদের। আমরা দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি চাই।” 

নাইওরপুল এলাকার দোকানি কাওসার মিয়া বলেন, “বৃষ্টিতে আমার দোকনে পানি প্রবেশ করেছে। পানি দোকান থেকে বের করছি। কিন্তু বৃষ্টি চলছেই আবার পানি উঠবে। ঠিক সময় ড্রেন আর ছড়া পরিষ্কার করলে এত তাড়াতাড়ি দোকানে পানি উঠত না। আমাদের কথা কে শোনে? এভাবে বৃষ্টি থাকলে রাতে বাসাবাড়িতে পানি প্রবেশ করবে।”   

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, “কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন পয়েন্টে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে পানি নেমে যাচ্ছে।

“বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি দ্রুত নামিয়ে দিতে ড্রেনের ছিদ্র বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।” 

সিটি করপোরেশনের বিরুদ্ধে ব্যবসায়ী-বাসিন্দাদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “সিটি করপোরেশনের কর্মচারীরা মাঠে রয়েছেন, তারা ড্রেনের মুখের পলিথিন ও ময়লা পরিষ্কার করছেন। একই সঙ্গে এলাকাবাসীও এই কাজে সহযোগিতা করছেন। নগরবাসীকে সচেতন হতে হবে। অনেক নালা-নর্দমা ও ছড়ায় ময়লা ফেলে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেট নগরী সবার, এটি পরিষ্কার রাখতে সবার সচেতনতা দরকার।”    

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, “সিলেটের সুরমা-কুশিয়ারাসহ সব নদ-নদীর পানি বেড়েছে। তবে কোনো নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৪১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগমী দুইদিন আরও বৃষ্টি হবে; এতে সিলেটের নদ-নদীর পানি বাড়বে। এটাই সতর্কবার্তা।”

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “উপজেলার গোয়াইনঘাট-রাধানগর সড়কের নিচু কিছু অংশে পানি আছে। তবে উপজেলার কোথাও যানচলাচল বন্ধ হয়নি। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে প্রশাসনের। পাহাড়ি ঢল এবং বৃষ্টি অব্যাহত থাকায় হাওরে পানি বাড়ছে।” 

জলাবদ্ধতা নিরসনে নিয়ন্ত্রণ কক্ষ 

আকস্মিক অতিবৃষ্টির কারণে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে জরুরি যোগাযোগের জন্য নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। শনিবার এক অফিস আদেশে এই বিষয়টি সিটি করপোরেশনের সচিব আশিক নূর জানান।

আদেশে বলা হয়েছে, সিটি করপোরেশনের দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষে এ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়। এ কক্ষের দায়িত্বে আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। তার মুঠোফোন নম্বর: ০১৭১১৯০৬৬৪৭। 

এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে সার্বিক তত্ত্বাবধায়নে থাকবেন প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একলিম আবদীন।

সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ওয়ার্ড সচিবদের নিজেদের অধিক্ষেত্রে অবস্থান করে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে দ্রুততম সময়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্যও অফিস আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে।