সিরাজগঞ্জে ট্রাক চাপায় নারীর মৃত্যু
শ্যামলীপাড়া এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মনিজা খাতুন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মহাসড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক (ট্র্যাফিক) মনিরুল ইসলাম জানান।
নিহত মনিজা খাতুন (৪৫) উপজেলার মোহনপুর মিলপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী।
পরিদর্শক মনিরুল জানান, সকালে শ্যামলীপাড়া এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মনিজা খাতুন। এ সময় সিরাজগঞ্জ থেকে নগরবাড়ীমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
