নাটোরে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি উদ্ধার
“উদ্ধার করা অস্ত্রের মালিক আশফাকুল গত ৫ অগাস্ট সন্ত্রাসী কায়দায় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিলেন। তার ছোড়া গুলিতে অনেকে আহত হয়েছেন।”
নাটোরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ ১১ রাউন্ড গুলি উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।
রোববার রাতে শহরের স্টেশনের কারবালা মোড় এলাকার রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয় বলে নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান।
পুলিশ বলছে, আশফাকুল ইসলাম নামের এক ব্যক্তির নামে অস্ত্রটি লাইসেন্স করা রয়েছে। পেশায় ঠিকাদার এই ব্যক্তি আত্মগোপনে রয়েছেন।
মারুফাত বলেন, “স্থানীদের কাছে খবর পেয়ে ১১ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করে সদর থানার পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মালিক আশফাকুল গত ৫ অগাস্ট সন্ত্রাসী কায়দায় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিলেন।
“তার ছোড়া গুলিতে অনেকে আহত হয়েছেন। এ অস্ত্রের সঙ্গে আরও ৫০ রাউন্ড গুলি ছিল বলে জানা গেছে।”
বিদেশী ওই পিস্তলটি হারিয়ে গেছে জানিয়ে আশফাকুল গত ১৪ অগাস্ট সদর থানায় ই-মেইল করেছিলেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় থানায় জিডি হয়েছে জানিয়ে পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, “যেহেতু আরও ৩৯ রাউন্ড গুলি পাওয়া যাচ্ছে না। তাই মামলা করা হবে।”
