Published : 01 Jan 2026, 09:28 PM
রাজশাহীর পবা উপজেলায় রাস্তার কাজ চলার সময় ঠিকাদারের কাছে ‘চাঁদা চাইতে গিয়ে’ পিটুনির শিকার হয়েছেন এক বিএনপি কর্মী।
বৃহস্পতিবার বিকালে উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পবা থানার ওসি আব্দুল মতিন।
পিটুনির শিকার আতাবুর রহমান নওহাটা পৌরসভার বাঘাটা মহল্লার বাসিন্দা এবং নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেনের অনুসারী। আহত আতাবুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওহাটা কলেজ মোড় এলাকায় একটি রাস্তার কাজ চলছিল। এ কাজের প্রধান ঠিকাদারের কাছ থেকে মাটি কাটার কাজ পান স্থানীয় যুবদল কর্মী আজাদ আলী। কাজ শুরুর পরপর আতাবুর চাঁদা দাবি করেন বলে অভিযোগ আজাদের।
আজাদের দাবি, “আজই কাজ শুরু করেছি। আতাবুর এসে বলেন, কাজ করলে তাকে টাকা দিতে হবে, না দিলে ভেকু ভেঙে দেবে। আমি বলি, আমিও বিএনপি, তুমিও বিএনপি- কীসের টাকা? এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে পিটুনি দেয়।”
তিনি বলেন, ঘটনার পর আজাদ ও তার ব্যবসায়িক অংশীদার বিপ্লব হোসেন পবা থানায় যান। এ সময় আতাবুর লোকজন নিয়ে এসে থানার সামনে তাদের মারধর করেন। সন্ধ্যা পর্যন্ত তারা থানায় অবস্থান করেন।

পুলিশ উভয়পক্ষকে বিষয়টি মীমাংসার পরামর্শ দিয়েছে বলে জানান ঠিকাদার আজাদ আলী।
নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, “আজাদ যুবদল কর্মী, আতাবুরও বিএনপি কর্মী। তার কাছে চাঁদা চাইতে যাওয়ার কোনো মানে হয় না। ৫ অগাস্টের পর থেকে আতাবুর যেভাবে মানুষকে হয়রানি করেছে, তা বলার মত না। যারা তাকে শেল্টার দেয়, তারাও ভাগ পায়।”
এ বিষয়ে নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ মকবুল হোসেন বলেন, “ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিজের মধ্যে মীমাংসার চেষ্টা চলছে।”
ওসি আব্দুল মতিন বলেন, “চাঁদা দাবিকে কেন্দ্র করে উভয়পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”