Published : 20 Jun 2026, 09:06 PM
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সুপারি বাগানে ঢুকে পড়ায় তিনটি ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় মৃত ছাগল নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছেন মালিক।
শুক্রবার রাতে উপজেলা সদর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামের বাসিন্দা মো. ছাইদুল ইসলাম এ অভিযোগ করেন বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি শাকের আহমেদ।
এ ঘটনায় মেনকিফান্দা গ্রামের এমদাদুল হক (৩৫), রফিকুল ইসলাম (৪৫), আব্দুল কাদির (৬০), মোবারক হোসেন (৩৫) ও নিজাম উদ্দিনের (৩২) নাম দেওয়া হয়েছে।
ছাগলের মালিকের দাবি, এতে তার প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ছাইদুল ইসলামের আটটি ছাগল বাড়ি থেকে কিছু দূরে মিয়া হোসেনের সুপারি বাগানের পাশে ঘাস খেতে যায়।
এ সময় বাগানে কাজ করা কয়েকজন শ্রমিক ছাগলগুলো বাগানে ঢুকে পড়ায় সেগুলোকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করা হয়।
পরে বিকালে ছাগলগুলো খুঁজতে গিয়ে ছাইদুল ইসলাম ও তার স্ত্রী আজুফা খাতুন তিনটি ছাগলকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মৃত ছাগলগুলোর মধ্যে একটি তিন মাসের গর্ভবতী ছিল বলে অভিযোগে বলা হয়েছে।
ওসি শাকের আহমেদ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে।