মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে ভোটে লড়বেন।
দল থেকে টিকেট না পেলেও ভোটে লড়তে বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে ভোটে লড়বেন।
২৪ ডিসেম্বর রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক যুবদল নেতা মো. আলী হোসেন। আসনটি জোটের জন্য ছেড়ে দিয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়।
মনোনয়ন জমা দেওয়ার সময় নেতাকর্মীদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, “এ নির্বাচন জনগণের নির্বাচন। এ নির্বাচন ব্যক্তি রুমিন ফারহানার নির্বাচন। জনগণ এবার ভোটের মাধ্যমে সব কিছুর জবাব দেবে।”
তিনি বলেন, “আল্লাহর কী পরিকল্পনা ধানের শীষের বিপক্ষে লড়াই করতে হচ্ছে!”
এদিকে জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবও সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। জুনায়েদ আল হাবিব বিএনপিসহ জোটের সবার সহযোগিতা কামনা করেন।
