২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিক্ষার্থীকে ‘ধর্ষণ’, শিক্ষক কারাগারে

প্রাথমিক জিজ্ঞাবাদে তিনি ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

গাজীপুরে শিক্ষার্থীকে ‘ধর্ষণ’, শিক্ষক কারাগারে
গাজীপুরের শ্রীপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 06:40 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিক্ষকের কাছ থেকে বই আনতে গিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, ওই শিক্ষার্থীর দাদার অভিযোগের ভিত্তিতে শিক্ষক আরিফ মিয়াকে মুলাইদ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আরিফ মিয়া (২৮) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের কামাল মিয়ার ছেলে এবং মুলাইদ আয়শা প্রি-ক্যাডেট অ্যন্ড হাইস্কুলের শিক্ষক।

শনিবার বেলা সোয়া ১১টায় মুলাইদ (রঙ্গীলা) তালিমুল কুরআন আন্তর্জাতিক মহিলা মাদ্রাসার তৃতীয় তলার অফিস কক্ষে ওই শিক্ষার্থীকে আরিফ ধর্ষণ করেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়, মেয়েটি আরিফের কাছে প্রাইভেট পড়ত। কয়েক দিন আগে আরিফ শিক্ষার্থীর কাছ থেকে একটি বিজ্ঞান বই নেন। ঘটনার দিন শিক্ষার্থীর বিজ্ঞান বই ফেরত দেবেন বলে তাকে মুলাইদ (রঙ্গীলা) তালিমুল কুরআন আন্তর্জাতিক মহিলা মাদ্রাসায় যেতে বলেন।

শিক্ষকের কথামতো মেয়েটি ওই মাদ্রাসায় গেলে তাকে তৃতীয় তলার অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করেন আরিফ। এ সময় শিক্ষার্থী চিৎকারের চেষ্টা করলে তাকে হুমকি দিয়ে ঘটনাটি কাউকে না জানাতে নিষেধ করেন। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে জানালে বৃহস্পতিবার শ্রীপুর থানায় শিক্ষককে আসামি করে মামলা করা হয়।

ওসি আব্দুল বারিক বলেন, প্রাথমিক জিজ্ঞাবাদে আরিফ শিক্ষার্থীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।