গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশের হেফাজতে স্বামী
রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মাদারীপুরের শিবচর উপজেলা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার প্রাণী সম্পদ হাসপাতাল রোডের বাসা থেকে ওই নারীর লাশ শুক্রবার দুপুরে উদ্ধার করা হয় বলে শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান।
১৮ বছর বয়সী মনিকা আক্তার মাদারীপুরের কালকিনি উপজেলার রিয়াজ আহমেদের স্ত্রী।
এ ঘটনায় নিহতের স্বামী রিয়াজ আহমেদকে পুলিশ হেফাজতে রাখা হয় বলে পুলিশ জানায়।
বাড়ির মালিক লাভলু মুন্সী বলেন, “প্রতিবেশীরা জানালা দিয়ে রুমের মধ্যে মনিকার ঝুলন্ত লাশ দেখে আমাকে জানায়। এরপর আমি দ্রুত পুলিশে খবর দেই।”
ওসি রতন বলেন, “রুমের দরজা ভেঙে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানাতে পারবো।”
নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
