গাজীপুরে শাইনপুকুর সিরামিকস কারখানায় আগুন, দগ্ধ ৬
দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গাজীপুর মহানগরে শাইনপুকুর সিরামিকস কারখানায় শাইনপুকুর সিরামিকস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হওয়া ছয়জন গ্যাস সিলিন্ডার মেরামত কর্মী।
কারখানায় গ্যাস সিলিন্ডার মেরামতের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মহানগরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন।
দগ্ধরা হলেন- মোহাম্মদ রাহাত (৩২), রায়হান, মো. রেজাউল (৫৫), রুপম (৩৩), মো. তানভীর (৩৭) এবং মো. ফারুক (৫৫)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে রাহাত ও ফারুকের বাড়ি বরিশাল। রায়হান ও রেজাউলের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। রুপম পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দা। এ ছাড়া তানভীরের বাড়ি খুলনার খালিশপুর এলাকায়।
ফায়ার সার্ভিসের আব্দুল্লাহ আরেফিন সাংবাদিকদের জানান, সিরামিকস কারখানায় ছয় শ্রমিক গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতের লাইন দিতে গেলে ‘শর্ট সার্কিট’ থেকে আগুন লেগে যায়। তাৎক্ষণিক কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলে। তবে দগ্ধ হন ছয় শ্রমিক।
পরে দগ্ধ ছয়জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে গাজীপুর থেকে ছয়জনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়।
তাদের মধ্যে রুপমের ছয় শতাংশ, রেজাউলের দুই শতাংশ, তানভীরের ১৬ শতাংশ, ফারুকের ২১ শতাংশ, রায়হান ৪৪ শতাংশ এবং রাহাতের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন বলে জানান তিনি।
