ছবি দেখে নাফ নদী থেকে ‘অপহৃত’ ট্রলার নিজের দাবি করলেন মালিক
১২ নভেম্বর টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া মোহনা থেকে দুইটি ট্রলারসহ সাত মাঝিকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে দাবি করেছিলেন মালিক।
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে জোর করে সাত মাঝি-মাল্লাসহ দুটি ট্রলার নিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছিল সেগুলোর একটিকে নিজের ট্রলার বলে দাবি করেছেন এক মালিক।
তবে ‘অপহরণের’ শিকার হওয়া মাঝি মাল্লাদের খোঁজ মেলেনি এখনও।
‘অপহৃত হওয়ার’ ছয় দিন পর দুটি ট্রলার ও মালামালের ছবি কক্সবাজারের দুজন সাংবাদিকের হাতে আসে। পরে ছবিটি একজন ট্রলার মালিককে পাঠানো হয়। তিনি এগুলোর একটি নিজের ট্রলার বলে দাবি করেছেন।
মিয়ানমারের আকিয়াবে বসবাসরত একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত একজন বাংলাদেশি ছবিটি পাঠিয়েছেন বলে একজন সাংবাদিক দাবি করেছেন।
তিনি বলেছেন, ওই ব্যক্তি কক্সবাজারের বাসিন্দা। তার বন্ধু। তিনি সোমবার ছবিটি তার কাছে পাঠিয়েছেন। ওই এনজিও কর্মী জানিয়েছেন, তিনি তার মাঠকর্মীদের মাধ্যমে ছবিটি পেয়েছেন।
ছবিটি শাহপরীর দ্বীপের বিপরীতে মিয়ানমারের নলবন্ন্যা নামের এলাকা থেকে তোলা হয়েছে বলে দাবি করেছেন ওই এনজিও কর্মী। তার দাবি, মংডু শহরের সঙ্গে নাফ নদীর সংযোগ খাল রয়েছে, যার নাম বাঘগুনা। ওই বাঘগুনা খালের পাশের উপকূলে পাশাপাশি রয়েছে দুইটি ট্রলার। পাশে পড়ে আছে নিমার্ণ সামগ্রী রড, সিমেন্ট ও বালি। তবে, কোনো মাঝি-মাল্লাকে দেখা যায়নি।
একটি ট্রলারের নাম ‘এসবি রাসেল’ এবং আরেকটি ‘এসবি ফারুক’।
এসবি রাসেল ট্রলারটির মালিক টেকনাফ-সেন্ট মার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ। অপরটির মালিক আব্দুর রব।
ছবিটি দেখে সোমবার রাতে আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এগুলোর মধ্যে একটি তার ট্রলার। স্থানটি মিয়ানমারের অংশের বলেও মত তার। তবে মাঝি-মাল্লার কোনো খবর এখনো তিনি পাননি বলেও জানান।
নাম বোঝা যায় না, তারপরও কীভাবে চিনলেন জানতে চাইলে আব্দুর রশিদ বলেন, “নিজের ট্রলার নিজে চিনতে পারব না।”
তিনি ট্রলার দুটি ও মাঝি-মাল্লাদের ফিরিয়ে আসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী, সীমান্তরক্ষা বাহিনী বা উপজেলা প্রশাসন কিছু জানে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও ছবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।
১২ নভেম্বর টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া মোহনা থেকে দুইটি ট্রলারসহ সাত মাঝিকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে দাবি করেছিলেন মালিক আব্দুর রশিদ।
যদিও প্রশাসনের অনুমতি ছাড়া সেন্ট মার্টিনে নির্মাণ সামগ্রী নেওয়া নিষিদ্ধ। মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ থেকে পণ্য পাচালের অভিযোগ আছে। বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনী পাচারের উদ্দেশে রাখা এসব পণ্য জব্দও করেছে।
মাঝি-মাল্লাসহ ট্রলার ধরে নিয়ে বিষয়টি জেনে সীমান্তরক্ষা বাহিনী বিজিবিও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে।
পরে বিজিবি টেকনাফ ২ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আরাকান আর্মি জানিয়েছে, নাফ নদী থেকে নিমার্ণ সামগ্রী বোঝাই দুইটি ট্রলারসহ কাউকে তারা আটক করেনি। তারপরও আরকান আর্মিসহ ওপারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
তাহলে ট্রলার দুটি কীভাবে মিয়ানমারে গিয়েছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর মধ্যেই এই ছবিটি প্রকাশ্যে এসেছে।
ট্রলার মালিক আব্দুর রশিদ জানিয়েছেন, ‘এসবি রাসেল’ ট্রলারে সেন্ট মার্টিনের রহমান, নুর আলম ও টেকনাফের ইমরান ছিলেন। আর ‘এসবি ফারুক’ ট্রলারে ছিলেন সেন্ট মার্টিনের মোস্তাক, ফায়জুর এবং টেকনাফের আরমান ও সাদেক।
সাত মাঝি-মাল্লাসহ দুটি ট্রলার আটক করে নিয়ে যাওয়ার পরদিন নাফ নদীতে মাছ ধরা অবস্থায় আরাকান আর্মি পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
এর মধ্যে একজনের লাশ রোববার নাফ নদী থেকে উদ্ধার করে পুলিশ। বাকি চারজনের কোনো খোঁজ মেলেনি। তাদের পরিবার উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। যদিও উপজেলা প্রশাসন বলছে, তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
একই সঙ্গে ‘অপহৃত’ সাত মাঝি-মাল্লার পরিবারও উদ্বেগের মধ্যে রয়েছে বলে ট্রলার মালিক জানিয়েছেন।
আরও পড়ুন:
