১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রড-সিমেন্ট বোঝাই ২ ট্রলারসহ ৬ মাঝিকে নিয়ে গেছে আরকান আর্মি

বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

রড-সিমেন্ট বোঝাই ২ ট্রলারসহ ৬ মাঝিকে নিয়ে গেছে আরকান আর্মি
ফাইল ছবি।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 06:01 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ-সামগ্রী নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে দুইটি ট্রলারসহ ছয় মাঝি-মাল্লাকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার বেলা সাড়ে ১১টায় এ অভিযোগ করেন ভূক্তভোগী একটি ট্রলারের মালিক এবং টেকনাফ-সেন্ট মার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

তিনি বলেন, তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্ট মার্টিন যাচ্ছিল। 

পথে মঙ্গলবার দুপুরে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে অস্ত্রের মুখে মাঝি-মাল্লাসহ ট্রলার দুটি নিয়ে গেছে আরকান আর্মির সদস্যরা। 

তিনি আরও জানান, ট্রলার দুইটিতে ছয় জন মাঝিমাল্লা রয়েছেন। মাঝিরা হলেন- আবদুর রহমান মাঝি ও মোস্তফা মাঝি। তারা সবাই সেন্ট মার্টিনের বাসিন্দা। 

এ ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। 

এ বিষয়ে সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, তার এলাকার ছয় মাঝিমাল্লাসহ দুটি ট্রলার মিয়ানমারের আরকান আর্মির সদস্যরা নিয়ে গেছে। 

কোস্ট গার্ডের সেন্ট মার্টিনের স্টেশনের এক কর্মকর্তা (নাম বলতে রাজী হননি) জানিয়েছেন, বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি ঊধ্বর্তন মহলকে জানানো হয়েছে।