১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে বিচারপ্রার্থীদের বিশ্রামের ‘ন্যায়কুঞ্জের’ উদ্বোধন

“আমরা আশা করছি, আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত এই স্থাপনা নির্মাণের ফলে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘব হবে।”

সিরাজগঞ্জে বিচারপ্রার্থীদের বিশ্রামের ‘ন্যায়কুঞ্জের’ উদ্বোধন
সিরাজগঞ্জ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নবনির্মিত ‘ন্যায়কুঞ্জের’ উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 11:07 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

সিরাজগঞ্জ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নবনির্মিত ‘ন্যায়কুঞ্জের’ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এ সময় তিনি বলেন, “আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী যারা আসেন, এখানে তাদের বসার কোনো নির্দিষ্ট জায়গা নেই, সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই, মায়েদের জন্য শৌচাগার নেই, শিশুদের দুগ্ধপান করানোর জায়গা নেই। এসব দুর্ভোগ লাঘবের জন্য সরকার সারাদেশের আদালত প্রাঙ্গণের পাশে বিচারপ্রার্থী নারী-পুরুষের ব্যবহারের জন্য আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত এবং নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ স্থাপনের উদ্যোগ নিয়েছে।” 

তিনি বলেন, “আমরা আশা করছি, আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত এই স্থাপনা নির্মাণের ফলে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘব হবে।”

এই স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়ায় বিচার বিভাগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান বিচারপতি।

সোমবার দুপুরে ‘ন্যায়কুঞ্জের’ উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ, জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল উপস্থিত ছিলেন।

২০২৩ সালের ৯ জুন হাই কোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক হাজার বর্গফুটের এই ভবনে বিচারপ্রার্থীদের বসার ব্যবস্থাসহ বেস্ট ফিডিং কর্নার, পুরুষ ও নারীদের আলাদা টয়লেট ও মুদি দোকানের ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে ৫২ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় হয়েছে।