শেরপুরে মনোনয়নপত্র জমা দিতে না পেরে কাঁদলেন এবি পার্টির নেতা
আব্দুল্লাহ বাদশা বিকাল ৫টা ৮মিনিটে নালিতাবাড়ী ইউএনও কার্যালয়ে উপস্থিত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে প্রার্থী হতে চাইলেও মনোনয়নপত্র জমা দিতে পারেননি আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত আব্দুল্লাহ বাদশা। এতে তিনি কান্নায় ভেঙে পড়েন।
মনোনয়নপত্র জমার শেষদিন সোমবার বিকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরীনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ইউএনও কার্যালয়ের বরাতে জানা যায়, এবি পার্টির আব্দুল্লাহ বাদশা মনোনয়ন দাখিলের শেষ দিন বিকাল ৫টা ৮মিনিটে নালিতাবাড়ী ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। তখন নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় ইউএনও তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
এ সময় আব্দুল্লাহ বাদশা ইউএনওকে দেরির কারণ ব্যাখ্যা করে মনোনয়নপত্র গ্রহণের অনুরোধ জানান। এক পর্যায়ে ইউএনওর কক্ষেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি ৫টার মধ্যেই ভেতরে আসছিলাম। রাস্তায় গাড়ির একটু সমস্যা হয়েছিল, তাই বারবার ফোনও দিয়েছি। আমাকে একটু দয়া করেন।”
এ বিষয়ে ইউএনও রেজওয়ানা আফরীন বলেন, “প্রার্থীর কষ্ট আমি বুঝতে পারছি। তবে জাতীয় নির্বাচনে আইনগতভাবে আমার কিছু দায়িত্ব আছে। এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নেই। বিকেল ৫টার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই।”
