নরসিংদীতে গাছের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল ইউপি সদস্যের
রাসেল দুলালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
নরসিংদীর পলাশ উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড় সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান।
নিহত রাসেল সরকার (৩০) শিবপুর উপজেলার শিমুলিয়া গ্রামের সবুজ সরকারের ছেলে এবং দুলালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
ওসি মনির বলেন, সকালে ওই ইউপি সদস্য রাসেল ঘোড়াশাল সার কারখানা থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে শিবপুরে তার নিজ বাড়িতে ফিরছিলেন।
“এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বালিয়া মোড় সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।”
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
