যশোরে সোনা চোরাচালান মামলায় ৩ জনের যাবজ্জীবন
২০২০ সালের ৩০ নভেম্বর একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজি সোনাসহ তিনজনকে আটক করে বিজিবি।
যশোরে সোনা চোরাচালান মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ষোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি) আসাদুজ্জামান জানান।
দণ্ডিতরা হলেন ঢাকার গেণ্ডারিয়ার কালীগঞ্জ শাহা রোড়ের পংকজ দত্ত, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের প্রদীপ সাহা এবং মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের গোলাপরায় গ্রামের রতন কুমার পোদ্দার।
মামলার বরাতে আসাদুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৯ বিজিবির একটি দল যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজারে অবস্থান নেয়। সে সময় শরীয়তপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০টি সোনার বারসহ ওই তিনজনকে আটক করা হয়।
উদ্ধার করা সোনার ওজন সাড়ে তিন কেজি; যার দাম প্রায় ২ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা বলে জানান এপিপি।
এ ঘটনায় ৪৯ বিজিবির হাবিলদার সাহিবুর রহমান যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
তদন্ত শেষে ওই তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন যশোর সিআইডির এসআই আনোয়ার হোসেন।
ওই তিনজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদেরকে আরও ছয় মাসের কারাবাসে থাকতে হবে, বলেন এপিপি।
