২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধসে পড়ল দুর্গাসাগর দীঘির গেইটের নির্মণাধীন ছাদ

গণপূর্ত প্রকৌশলী জানান, সাটারিং খুলে পড়ায় তেমন ক্ষতি হয়নি; দুয়েকদিনের মধ্যে সাটারিং ঠিক করে পুনরায় ঢালাই দেওয়া যাবে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 08:55 PM

Updated : 08 Sep 2022, 09:01 PM

বরিশালের এতিহ্যবাহী দুর্গাসাগর দীঘির প্রবেশ পথের নির্মাণাধীন গেইটের ছাদ টালাইয়ের সময় ধসে পড়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের বরিশালের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান জানিয়েছেন।

এ ঘটনা তদন্তে জেলা প্রশাসন তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বলে তিনি জানান।

প্রকৌশলী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অবস্থিত দুই শতাধিক বছরের পুরনো দুর্গাসাগর দীঘি এলাকায় বর্তমানে উন্নয়ন কাজ চলছে। এ কাজের মধ্যে প্রবেশ গেট রয়েছে। নির্মাণাধীন গেটের ছাদ অনেক উঁচুতে দেওয়া হয়েছে। সাধারণত ১০ ফুট উঁচুতে ছাদ দেওয়া হয়। কিন্তু এখানে ২২ উঁচুতে ৭ ইঞ্চি পুরু ঢালাই দিতে হয়েছে। এত উঁচুতে ৭ ইঞ্চি পুরু ঢালাই দেওয়ার সময় সাটারিং ধ্বসে পড়েছে।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, শুধু সাটারিং খুলে পড়েছে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। দুই একদিনের মধ্যে সাটারিং ঠিক করে পুনরায় ঢালাই দেওয়া যাবে।

এ দুর্ঘটনায় একজন শ্রমিক সামান্য আহত হয়েছেন বলেও তিনি জানান।

বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনা তদন্তে তাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই জন হলেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী।

ঘটনাস্থল পরিদর্শনকারী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্গাসাগর দীঘির মূল প্রবেশ পথে নির্মাণাধীন গেটের ছাদে সকাল থেকে ঢালাই দেওয়া হয়। বেলা ১১টার দিকে আকস্মিক গেটের একাংশের ছাদ ধসে পড়ে। খবর পেয়ে তারা ও ফায়ার সার্ভিসের সদস্য গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছেন।

ওসি জানান, দুর্ঘটনায় দুজন শ্রমিক আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আরেক জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, ঘটনাস্থল পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছে যে সংখ্যক বাঁশ দিয়ে সাটারিং আটকে দেওয়া উচিত ছিল তা দেওয়া হয়নি। যে সংখ্যক বাঁশ দেওয়া হয়েছে, তাও ছিল নড়বড়ে। তাই ঢালাই দেওয়ায় ওজন ধরে রাখতে না পারায় সাটারিং ধ্বসে পড়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ সাংবাদিকদের জানান, তিন সদস্যে বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। ঘটনায় কারো গাফিলতি থাকলে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।