২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের মনোমালিন্যে খুন হন যশোরের কলেজছাত্রী পিংকি: পুলিশ

এছাড়া অঙ্কুরের মা হোসনেয়ারা এবং ভাই আহসান হাবিব রুমেলকে কারাগারে পাঠানো হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2023, 09:45 PM

Updated : 11 Feb 2023, 10:00 PM

প্রেমের সম্পর্কের মনোমালিন্যের জের ধরে যশোর পলিটেকনিক কলেজের শিক্ষাথী জেসমিন আক্তার পিংকিকে তার সহপাঠী খুন করে বলে দাবি করেছে পুলিশ। 

পিংকি নিখোঁজের আট দিন পর শুক্রবার বিকালে তার সহপাঠী আহসান কবির অঙ্কুরের শার্শা উপজেলার বুরুজবাগান গ্রামের বাড়ির সেফটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় শনিবার আহসান কবির অঙ্কুর যশোর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শম্পা বসুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা শার্শা থানার এসআই ফজলুল হক।

একই মামলায় অঙ্কুরের মা হোসনেয়ারা এবং ভাই আহসান হাবিব রুমেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

জেসমিন আক্তার পিংকি সাতক্ষীরা কলারোয়ার কাজিরহাট কাউরিয়া গ্রামে জাকির হোসেনের মেয়ে। তিনি যশোর পলিটেকনিক কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। আর শার্শা উপজেলার বুরুজবাগান গ্রামের আলী আকবরের ছেলে অঙ্কুর ছিলেন তার সহপাঠী। 

গত ২ ফেব্রুয়ারি পিংকি যশোর শহরের মেস থেকে নিখোঁজের পর তার বাবা ৫ ফেব্রুয়ারি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মরদেহ উদ্ধারের পর পিংকির বড় ভাই আনিছুর রহমান বাদী হয়ে আলী আকবর, আহসান কবির অঙ্কুর, মা হোসনেয়ারা এবং ভাই আহসান হাবিব রুমেলকে আসামি করেন হত্যা মামলা করেন। 

বুধবার তিনজনকে আদালতে হাজির করা হলে অঙ্কুর জবানবন্দি দিতে রাজী হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা। 

এসআই ফজলুল হক সাংবাদিকদের বলেন, “পিংকি ও অঙ্কুর দুজন একই সেমিস্টারে লেখাপাড়া করতেন। কলেজে ভর্তির পর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবার জানত এবং বিয়ে কথাবার্তাও পাকা ছিল।

“পিংকি যশোর শহরের বারান্দীপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। মাঝে মধ্যে বাসায় গিয়ে পিংকিকে পেতেন না অঙ্কুর। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।   

তদন্ত কর্মকর্তা আরও দাবি করেন, ২ ফ্রেব্রুয়ারি দুপুরে জেসমিন যশোর থেকে দেখা করতে অঙ্কুরের বাড়িতে গিয়েছিলেন। তখন মনোমালিন্যের জেরে পিংকিকে হত্যা করা হয় বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। 

আরও পড়ুন:

পুরনো খবর:

৮ দিন পর সেপটিক ট্যাংকে মিলল কলেজ ছাত্রীর লাশ