বেহাল সড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে আগুন-বিস্ফোরণ
“গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ যে এত ভয়াবহ হয় আগে জানতাম না।”
ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর বিরাসারে কুমিল্লা-সিলেট মহাসড়কে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক উল্টে তাতে আগুন ধরে যায়। এরপর একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনার পর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দেড় ঘণ্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
তবে এতে আশপাশের ভবনে কারও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস বলেন, “সিলিন্ডারবোঝাই ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।”
মুবিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “কয়েকবছর ধরে আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়কের কাজ চলছে। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কিছু অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিরাসার এলাকায় কিছুদিন পর পরই যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটে।
“ভোরে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক গ্যাস সিলিন্ডার বোঝাই করে যাচ্ছিল। এ সময় বিরাসার নির্মাণাধীন ফোরলেন সড়কের খানাখন্দে ট্রাকটি উল্টে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে থাকা গ্যাস সিলিন্ডারগুলোতে বিস্ফোরণ ঘটে।”
তিনি বলেন, “প্রচণ্ড শব্দে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে কয়েকটি ভবনের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের উভয় পাশে গাড়ি আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ভোর সাড়ে ৫টা থেকে গাড়ি চলাচল শুরু হয়।”
মুক্তি মিয়া নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ যে এত ভয়াবহ হয় আগে জানতাম না। ঘটনার সময় সন্তানসহ খুবই আতঙ্কে ছিলাম।”
