২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ঘরে ঢুকে ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রীকে হত্যা, মেয়েকে জখম

প্রতিবেশীরা জানান, রাতে দুর্বৃত্তরা রান্নাঘরের গ্রিল কেটে  ঘরে ঢোকে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 07:50 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের ঝিকরগাছায় গ্রিল কেটে ঘরে ঢুকে ছুরিকাঘাতে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা ও মেয়েকে জখম করেছে দুর্বৃত্তরা। 

শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান।

নিহত ফেরদৌসী খাতুন (৫০) ওই গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী। আহত হয়েছেন তাদের মেয়ে জান্নাতি খাতুন (১১)। 

ওসি কামাল হোসেন বলেন, “কী কারণে এ হত্যাকাণ্ড ঘটল, সেটি আমরা তদন্ত করে দেখছি।”

প্রতিবেশীরা জানান, রাতে দুর্বৃত্তরা রান্নাঘরের গ্রিল কেটে ওই বাড়িতে ঢোকে। এ সময় বাড়িতে থাকা ফেরদৌসী খাতুন ও তার মেয়ে জান্নাতি টের পেলে তাদের উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

পরে আহত জান্নাতি ঘর থেকে বেরিয়ে পাশে তার চাচা মিজানুর রহমান মিন্টুকে গিয়ে জানায়। 

মিন্টু কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে ফেরদৌসী খাতুনকে মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। 

পরে আহত জান্নাতিকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ রোববার সকালে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মিজানুর রহমান মিন্টু বলেন, ভাই আলতাফ হোসেন ও তার স্ত্রী ফেরদৌসী বেগম দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে স্পেনে বসবাস করতেন। ৫-৬ মাস আগে বড় ছেলেকে বিয়ে দেওয়ার জন্য স্বপরিবারে দেশে ফেরেন। বিয়ের পর আলতাফ হোসেন ও বড় ছেলে স্পেনে চলে যান। 

মিন্টু আরও বলেন, ফেরদৌসী বেগম মেয়ে জান্নাতি ও ছোট ছেলে মামুন নিয়ে বাড়িতেই ছিলেন। এর মধ্যে মামুনকে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে আবাসিক শিক্ষার্থী হিসেবে ভর্তি করা হয়। ফলে ওই বাড়িতে ফেরদৌসী বেগম ও তার মেয়ে জান্নাতি বসবাস করছিলেন। 

রোববার বিকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল। 

তিনি বলেন, “কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে অনুসন্ধান করছে পুলিশ।”

এদিকে, ফেরদৌসী বেগমের হত্যার খবর পেয়ে আলতাফ হোসেন ও তাদের ছেলে স্পেন থেকে দেশের পথে রওনা হয়েছেন বলে স্বজনরা জানান।