২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

২০১২ সালের ২৩ অগাস্ট শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 05:47 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১৩ বছর আগের একটি হত্যা মামলার রায়ে সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা বলে আদালতের অতিরিক্ত পিপি গোলাম সরওয়ার খান জানান।   

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- উপজেলার পোতাজিয়া গ্রামের মোকছেদ আলীর তিন ছেলে ওয়াজ আলী, আব্দুল হামিদ ও আরশেদ আলী, তাদের আত্মীয় মোকবেল সেখের ছেলে আব্দুস সামাদ, এলাহী বক্সের দুই ছেলে মো. কুনু ও ইদ্রিস আলী এবং ওয়াজ আলীর ছেলে সেলিম রেজা।

সাজার পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা দিয়েছেন আদালত। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান মামলার বরাত দিয়ে বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পোতাজিয়া গ্রামের ওসমান গণির সঙ্গে আসামিদের বিরোধ ছিল। এর জেরে ২০১২ সালের ২৩ অগাস্ট সকালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ওসমান ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করে।

ওই সময় ওসমানের ছেলে সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। বগুড়ায় নেওয়ার পথে আহত সাব্বিরের মৃত্যু হয়।

পরে এ ঘটনায় ওসমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বাকি আট আসামির মধ্যে রাউতারা গ্রামের আব্দুর রহিমকে দুই বছর এবং পোতাজিয়া গ্রামের নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত।